ভারত ম্যাচে থাকছেন না রাফিনিয়া
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে খেলার সময় ডান উরুতে চোট পাওয়ায় ব্রাজিল দল থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়াকে। শারীরিক ঝুঁকির কথা মাথায় রেখে তাঁকে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে আগামী শনিবার (৩ অক্টোবর) কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচে নামা হচ্ছে না এই ফুটবলারের।
বুধবার পরীক্ষায় বার্সেলোনা তারকার ডান উরুর ভেতরের পেশিতে কিছুটা ফোলাভাব পাওয়া গেছে। অবশ্য প্রাথমিক পর্যালোচনায় গুরুতর কোনো ক্ষতি চিহ্নিত হয়নি। দ্রুত শারীরিক অবস্থার উন্নতির স্বার্থেই কোনো রকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে মাঠে খেলেছিলেন রাফিনিয়া। সেখান থেকে পেনাল্টিতে ব্রাজিলের পক্ষে দ্বিতীয় ব্যবধান তৈরি করেন তিনি। তবে ডান উরুতে টান অনুভব করায় বিরতির পর আর তাঁকে খেলায় নামানো হয়নি।
এক বিজ্ঞপ্তিতে সিবিএফ উল্লেখ করেছে, সতর্কতা এবং দ্রুত সুস্থতার লক্ষ্যে রাফিনিয়াকে ব্রাজিল জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাঁর পরিবর্তে কোনো খেলোয়াড়কে দলে ডাকা হবে না।
জাতীয় দল ছেড়ে খুব শিগগিরই বার্সেলোনায় ফিরবেন এই ফরোয়ার্ড। সেখানে স্প্যানিশ ক্লাবটির মেডিকেল বিভাগের তদারকিতে তাঁর সুস্থতা ও পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে।
//আইই//
