জিম্বাবুয়ের সরে দাঁড়ানোয় ভেস্তে গেলো পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ
সংগৃহীত ছবি
বাণিজ্যিক হিসাব-নিকাশ না মেলায় আগামী বছরের শুরুতে পাকিস্তানে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি এই আসরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের অংশ নেওয়ার কথা থাকলেও জিম্বাবুয়ে সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো'র এক প্রতিবেদনে জানানো হয়, জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পুরো আয়োজনটিই ভেস্তে গেলো। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং জিম্বাবুয়ে ক্রিকেট এখন অন্য কোনো ফাঁকা সময়ে নতুন দ্বিপক্ষীয় সিরিজের সূচি আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগামী বছরের জানুয়ারিতে এই ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিলো। এর পরিবর্তে এখন শুধু পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটি সীমিত ওভারের দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হতে পারে। এমনকি ওই সফরে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের একটি টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও সেই সম্ভাবনাও এখন আর নেই বললেই চলে।
আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, "পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে সফরের নতুন সূচি চূড়ান্ত করতে কাজ করছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।"
ওয়ানডে বিশ্বকাপের বছরে পাকিস্তান বেশি বেশি ৫০ ওভারের ম্যাচ খেলতে চাইছে। অন্যদিকে আয়ারল্যান্ডের চোখ রয়েছে আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দিকে।
//আইই//
