ভারতকে সমীহ করেন ব্রাজিলের কোচ আনচেলত্তি
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের আগে প্রতিপক্ষ দলটিকে সমীহ করার কথা জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্ব র্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল দল এবার ১৩৮তম দলের বিপক্ষে লড়বে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে কোচ আনচেলত্তি জানান, পানামার বিপক্ষে স্বাগতিক দলের পারফরম্যান্সই তাদের সামর্থ্যের প্রমাণ দেয়। তিনি বলেছেন, "ভারতীয় দলের মানের প্রতি আমাদের সম্মান আছে। তারা পানামার বিপক্ষে ভালো একটি ড্র করেছে। প্রতিপক্ষের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে।"
ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় হলেও ফুটবলের প্রতি মানুষের আগ্রহের বিষয়টিও এড়ে যাননি ব্রাজিল কোচ। কলকাতা ও কোচিতে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নিয়ে তিনি বলেছেন, "ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ, ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু এর মানে এই নয় যে তারা ফুটবল ভালোবাসে না। এখানে এসে আমরা আনন্দিত। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবেন, তাদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরতে চাই। এটি দারুণ একটি রাত হতে যাচ্ছে।"
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নতুন করে দল গোছানোর কাজ করছে ব্রাজিল। উরুর চোটে রাফিনিয়া না থাকলেও ভিনিসিয়ুস জুনিয়র, মারকুইনোস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকা নিয়ে কলকাতায় এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলোকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেছেন, "বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, এটা সত্যি। সময়টা আমাদের জন্য কঠিন ছিলো। আগামী বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণা। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলো নিজেদের সামর্থ্য দেখানোর ভালো প্রস্তুতি ও সুযোগ।"
দলের অধিনায়ক মারকুইনোস মনে করেন, ভারতে তাদের বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে যা দলকে বাড়তি প্রেরণা যোগায়। তিনি বলেছেন, "ব্রাজিলের বাইরে ভারত এমন একটি দেশ, যেখানে আমাদের পুরো দলের জন্য সবচেয়ে বড় সমর্থন ও সমর্থকগোষ্ঠীগুলোর একটি রয়েছে।"
এদিকে ভারতের কোচ খালিদ জামিল ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে চাপ থাকলেও নিজের সেরাটা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, "চাপ থাকবে, কিন্তু আমাদের সেটি সামলাতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আপনি যদি নিজের সেরাটা দেন, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে।"
//আইই//
