ম্যান সিটির রায়ের পর সতর্ক অবস্থানে ফুটবল অ্যাসোসিয়েশন
ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের মামলায় স্বাধীন কমিশনের রায়ের পর মুখ খুলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই রায় ফুটবলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। প্রয়োজন হলে তারা ক্লাবটির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রায় এক দশক ধরে চলা অনিয়মের দায়ে সম্প্রতি সিটিকে দোষী সাব্যস্ত করলো কমিশন।
২০০৯-২০১০ থেকে ২০১৭-২০১৮ মৌসুম পর্যন্ত দীর্ঘ সময় ধরে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে অভিযুক্ত ছিলো ম্যানচেস্টার সিটি। স্বাধীন কমিশনের রায়ে ক্লাবটি দোষী প্রমাণিত হওয়ার পর এফএ জানায়, তারা পুরো বিষয়টি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে এফএ বলেছে, "আমরা রায়টি এবং এর প্রভাব খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছি। প্রয়োজন হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।" তবে প্রিমিয়ার লিগ ও সিটির আইনি প্রক্রিয়া এখনও চলমান থাকায় এ নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি দেশের ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
কমিশনের রায়ে উঠে এসেছে, বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ভুয়া চুক্তি করে প্রায় ৮৩ কোটি পাউন্ডের বেশি গোপন অর্থ আড়াল করার পরিকল্পনা করেছিলো সিটি। প্রিমিয়ার লিগও অভিযোগ করেছে, প্রায় ১০ বছর ধরে পরিকল্পিতভাবে লিগের নিয়ম ভেঙেছে ক্লাবটি। অবশ্য শুরু থেকেই নিজেদের কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করে আসছে সিটি কর্তৃপক্ষ। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য শুক্রবার পর্যন্ত সময় ছিলো তাদের হাতে।
আপিলের ক্ষেত্রে সিটির মূল যুক্তি হতে পারে আবুধাবি সরকারের অর্থায়ন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সূত্র অনুযায়ী, সিটি দাবি করতে পারে যে, তাদের মূল স্পনসরশিপের অর্থ আবুধাবি সরকারের কাছ থেকে এসেছিলো, ক্লাব মালিকদের পকেট থেকে নয়। আপিল করা হলে আইনি লড়াই আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
//আইই//
