পিছিয়ে পড়েও বেলজিয়ামকে বড় ব্যবধানে হারালো ফ্রান্স
সংগৃহীত ছবি
উয়েফা নেশন্স লিগের ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর শেষ পর্যন্ত বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। সোমবার (৫ অক্টোবর) স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত এই জয়ে ফরাসি কোচ হিসেবে ঘরের মাঠে প্রথম জয় পেলেন জিনেদিন জিদান। ম্যাচটিতে কিলিয়ান এমবাপেকে ছাড়াই মাঠে নেমেছিলো স্বাগতিকরা।
ম্যাচের ৩৫ মিনিটে দোদি লুকেবাকিওর গোলে এগিয়ে গিয়েছিলো বেলজিয়াম। রোমিও লাভিয়ার পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে অভিষিক্ত গোলকিপার গিয়োম রেস্তেসকে একা পেয়ে গোল করেন তিনি। প্রথমার্ধে বলের দখল রাখলেও গোল পেতে ব্যর্থ হয় ফরাসিরা, যার ফলে টানা ৮ ম্যাচে প্রথমার্ধে গোলহীন থাকলো তারা।
খেলার মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধের শেষভাগে বদলি খেলোয়াড়রা মাঠে নামার পর। কোচ জিদান একে একে মাইকেল ওলিসে, রায়ান শেরকি ও দেজিরে দুয়েকে মাঠে নামান। ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে সমতা আনেন দুয়ে। এর ৪ মিনিট পর ওলিসের ক্রসে গোল করে দলকে এগিয়ে নেন শেরকি। এরপর টানা দুই গোল করে ব্যবধান ৪-১ করেন ওলিসে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে প্রতিপক্ষের রক্ষণ পুরোপুরি ভেঙে পড়ে।
ম্যাচ শেষে ফরাসি কোচ জিনেদিন জিদান বলেন, "এটাই ফুটবল, এ কারণেই আমরা ফুটবল ভালোবাসি। কিছু কঠিন সময় ছিলো, কিন্তু সেটাও খেলার অংশ। দ্বিতীয়ার্ধে আমরা অসাধারণভাবে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছি।"
দুই গোল ও এক অ্যাসিস্ট করা মাইকেল ওলিসে জানান, "এটা দলীয় প্রচেষ্টার ফল। জিদান আমাদের ধারণা দেন, আমরা সেটা অনুসরণ করি। এভাবেই এগিয়ে যেতে চাই।" গ্রুপ 'এ১'-এর অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স।
//আইই//
