চিরপ্রতিদ্বন্দ্বী মেসির বিদায়ে যা বললেন রোনালদো
দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। গত বুধবার (০৭ অক্টোবর) আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এই মহাতারকা, যেখানে আবেগঘন বার্তা পাঠিয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
মাঠের লড়াইয়ে দুই দশকেরও বেশি সময় ধরে একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়ে গেলেও মাঠের বাইরে তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময়ই প্রশংসিত হয়েছে। বুধবার রাতে ইনস্টাগ্রামে মেসির করা একটি পোস্টে মন্তব্য করেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। মুহূর্তেই সেই বার্তাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মেসির উদ্দেশে দেওয়া ওই বার্তায় রোনালদো লেখেন, "লিও, এতগুলো বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করে তুমি যে অনন্য ঐতিহ্য ও ছাপ রেখে গেলে, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"
আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির অর্জন এবং ফুটবল মাঠে তার অবিশ্বাস্য অবদানকে সম্মান জানিয়ে রোনালদো আরও যোগ করেন, "আর্জেন্টিনার হয়ে তুমি যা যা অর্জন করেছো, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।"
//আইই//
