আবুধাবি টেস্ট: হাসান-এবাদতের তোপে ১০৬ রানের লিডে বাংলাদেশ
সংগৃহীত ছবি
আবুধাবিতে একমাত্র টেস্টের ৩য় দিনে পেসার হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক ও পেস তোপে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড নিশ্চিত হয় লাল-সবুজ প্রতিনিধিদের। ৫৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ, আর এবাদত হোসেন নেন ৪ উইকেট।
দিনের শুরুতে আফগানদের আগের স্কোরের সঙ্গে মাত্র ২৯ রান যোগ হতেই বাকি ৬টি উইকেট হারিয়ে ফেলে দলটি। ৮৪ রান নিয়ে নামা রহমত শাহ ও ২৬ রান নিয়ে খেলা শুরু করা ইকরাম আলিখিলের ৮০ রানের বিপজ্জনক জুটিটি বোল্ড করে ভাঙেন এবাদত হোসেন। এর মাধ্যমেই ধসের সূচনা হয় আফগান ব্যাটিং লাইনে।
এরপরই ইতিহাস গড়েন তরুণ পেসার হাসান মাহমুদ। টানা ৩ বলে ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রেহমানকে আউট করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ৩য় হ্যাটট্রিক হলেও কোনো পেসারের জন্য প্রথম কীর্তি। এর আগে ২০০৩ সালে অলক কাপালি ও ২০১৩ সালে সোহাগ গাজী টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন। দু'জনেই ছিলেন স্পিনার।
হ্যাটট্রিকের পর ইয়ামিন আহমদজাইকে উইকেটরক্ষক লিটনের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারে ৩য় বার ৫ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন হাসান। শেষ ব্যাটার সালিম সাফিকে সাজঘরে ফিরিয়ে আফগান ইনিংসের সমাপ্তি টানেন এবাদত। এক প্রান্ত আগলে রেখে ২১৬ বলে ১০৫ রানে অপরাজিত ছিলেন আফগান অধিনায়ক রহমত শাহ।
১০৬ রানের লিড নিয়ে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ইতোমধ্যে কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে ২৮ রান তুলেছে বাংলাদেশ। ফলে দলের মোট লিড দাঁড়িয়েছে ১৩৪ রানে।
//আইই//
