ভারতকে হারিয়ে লিজেন্ডস লিগে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগ-এ ভারত চ্যাম্পিয়ন্সকে হারিয়ে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শুরুতে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে দারুণ পারফরম্যান্সে ভারত চ্যাম্পিয়ন্সকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রোমাঞ্চকর জয়ের দেখা পেয়েছে দলটি।
রবিবার (১১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩০ রানে ৬ বলে ১০ রান করে ফেরেন ইমরুল কায়েস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
তবে এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার রনি তালুকদার। ২৫ বলে ৪০ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষের দিকে নাসির হোসেনের ২১ বলে ২৪ এবং আরাফাত সানির ৩৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ। ভারতের হয়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন পীয়ূষ চাওলা।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৫ রানের মধ্যেই ৫ ব্যাটারকে হারায় যুবরাজ সিংয়ের দল। ঋষি ধাওয়ান ১৮ বলে ২৪ রান করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। শেষ দিকে পবন নেগি ও পীয়ূষ চাওলার আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত।
বাংলাদেশের হয়ে বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। তিন ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। পেসার আবু জায়েদ রাহী নেন ২ উইকেট। বোলারদের নৈপুণ্যে শেষ পর্যন্ত ৩ রানের রোমাঞ্চকর জয় নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স মাঠ ছাড়ে।
/আকরাম/
