লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা বাংলাদেশের
সংগৃহীত ছবি
আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি পেয়েছেন লিটন কুমার দাস। কাইস আহমেদের বল সীমানার বাইরে পাঠিয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে পৌঁছান তিনি। লিটনের বিদায়ের পর ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৭৯ রান।
সোমবার ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতেই ব্যক্তিগত ১৪ ও পরে ২৬ রানে জীবন পান লিটন। ৬২ বলে ফিফটি পূর্ণ করার পর ব্যক্তিগত ৬৭ রানেও একবার ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। রিভিউ না থাকায় সে দফায় রক্ষা পান এই ব্যাটার। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৪ চারের মারে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। তিন অঙ্ক ছুঁয়েই মোহাম্মদ সেলিম শফির বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
লিটনকে দারুণ সঙ্গ দেওয়া মেহেদী হাসান মিরাজও দু'বার ভাগ্যের ছোঁয়া পান। শেষ পর্যন্ত ৫ চারে ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। মিরাজের এটি ক্যারিয়ারের ১১তম ফিফটি। দুই ব্যাটারের দৃঢ়তায় সোমবার মাত্র ৩৩.২ ওভারে ১৫৬ রান যোগ করে বাংলাদেশ।
//আইই//
