কলকাতার জন্য ব্রাজিলের দল ঘোষণা, এরপর কী ঢাকায়?
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ ঘিরে এখন থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কারণ ভারতের মাটিতে প্রথমবার ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ব্রুনো গিমারায়েসদের দেখার সুযোগ পাবেন তারা।
ভারতের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। সঙ্গে রয়েছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক, এস্তেভাও ও জোয়াও পেদ্রো। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি ব্রাজিলের নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও দেখা যাবে কলকাতার মাঠে।
মাঝমাঠে আছেন ব্রুনো গিমারায়েস, আন্দ্রেই সান্তোস ও ডগলাস লুইজ। রক্ষণভাগে থাকছেন অভিজ্ঞ মার্কিনোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস। তাদের সঙ্গে রয়েছেন ওয়েসলি, ভিতোর রেইস ও আর্তুর দিয়াস। গোলবারের জন্য দলে আছেন হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিও।
কলকাতার ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে মাঠে নামবে তারা। আনচেলত্তির পরিকল্পনায় এই তিন ম্যাচই গুরুত্বপূর্ণ। তার মতে, ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পথচলা শুরু করছে ব্রাজিল।
ভারতের এই সফর ঘিরে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা আগ্রহ। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। তারা জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা ও কয়েকটি হোটেলের সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশেও ম্যাচ আয়োজন করার।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ঢাকায় ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ আয়োজন অথবা অন্তত অনুশীলন সেশনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। কলকাতার ম্যাচের পাশাপাশি এই সম্ভাবনার দিকেও তাই নজর রাখছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
/শান্ত/
