আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে আরও ছাঁটাই
সংগৃহীত ছবি
আসন্ন আসিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড তৈরির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন কোচ টমাস ডুলি। প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে ইতোমধ্যে ৬ জনকে বাদ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) অনুশীলনের পর আরও একজনকে স্কোয়াডের বাইরে পাঠানোর সম্ভাবনা রয়েছে।
বাদ পড়া ৬ ফুটবলার হলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন।
গত ২৫ আগস্ট ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর ২৮ আগস্ট শুরু হয় দলের মাঠের অনুশীলন। পরে ট্রায়ালের সুযোগ দেওয়া হয় প্রবাসী ৩ ফুটবলারকে। তাঁরা হলেন, যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইতালির দেবজিৎ সরকার ও কানাডা'র ইয়াসার তাহমিদ।
সান মারিনো'র বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন ইসা ফয়সাল। একই সফরের দলে ছিলেন কাজেম শাহ ও তাজ উদ্দিন। অন্যদিকে ইয়াসার তাহমিদ ও দেবজিৎ সরকার ছিলেন ডুলির প্রাথমিক পরিকল্পনায়। রাব্বি হোসেন সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভুটানের বিপক্ষে।
আসিয়ান কাপ খেলতে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া'র উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপের ৩ ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া'র বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে খেলবে ইন্দোনেশিয়া'র বিপক্ষে। প্রথম দু'টি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায় এবং শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
চূড়ান্ত দল ঘোষণা করার আগে হাতে রয়েছে প্রায় এক সপ্তাহ। তাই আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে আরও কয়েকজনের জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে।
