এমবাপের জোড়া গোলে জয়ে ফিরলো রিয়াল
টানা ৩ জয়ে লিগ শুরুর পর হঠাৎই হোঁচট খেয়েছিলো রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়াতে বেশি সময় নষ্ট করলো না স্প্যানিশ জায়ান্টরা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের সৌজন্যে ১ ম্যাচ পরই আবার জয়ের মুখ দেখলো হোসে মরিনিয়োর শিষ্যরা।
স্প্যানিশ লা লিগায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপের জোড়া গোলের পাশাপাশি আলভারো কারেয়াস ও জুড বেলিংহাম করেছেন ১টি করে গোল।
ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ২৩টি শট করে তারা। এর মধ্যে ১১টিই ছিল লক্ষ্য বরাবর। প্রতিপক্ষ গোলকিপারের দৃঢ়তায় ৪টির বেশি গোল পায়নি রিয়াল। অবশ্য রায়ো ভায়োকানোও কম যায়নি। গোলের জন্য ১৮টি শট করে ৭টিই লক্ষ্যে রাখে তারা। তবে থিবো কর্তোয়ার গ্লাভস ভেদ করে ১ বারের বেশি বল জালে পাঠাতে পারেনি তারা।
পরপর ৩ জয়ে লিগ শুরুর পর রিয়াল বেটিসের বিপক্ষে হেরে গিয়েছিলো রিয়াল। জয়ে ফিরে ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গত ২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
// ইমরান//
