উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরে বিব্রতকর রেকর্ড বাংলাদেশের
জাপানের আইচি ও নাগোয়াতে এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। নারী ফুটবলে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোল ছিলো সবচেয়ে বড় পরাজয়।
এই দিন শুরুর একাদশে চমক দেখায় হেড কোচ পিটার বাটলার। দলের অন্যতম সেরা ২ তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে ছাড়াই মাঠে নামান দল। ফলে ম্যাচের প্রথম ১১ মিনিটে ৩ গোল, ২০ মিনিটের ভেতর ৪টি। প্রথমার্ধেই বাংলাদেশ হজম করলো ৭ গোল।
পরে ঋতুপর্ণা-মনিকারা নামলেও ম্যাচের ফলাফলে কোনো পার্থক্য আসেনি। দ্বিতীয়ার্ধে দল হজম করে আরও ৩ গোল।
উত্তর কোরিয়ার পক্ষে জোড়া গোল করেন জোন রিয়ং জং (৫ ও ১০ মিনিট), চে উন সং (১৮ ও ৩৫ মিনিট) এবং কিম কিওং সং (৪০ ও ৪৩ মিনিট)। এ ছাড়া বাকি চারটি গোল আসে হওয়াং ইউ সং (১২ মিনিট), রি সং আ (৫১ মিনিট), জং কুম (৬০ মিনিট) এবং হান জিন সংয়ের (৯০ মিনিট)।
এশিয়ান গেমসে পরের ম্যাচে ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
// ইমরান//
