দক্ষিণ কোরিয়ার কাছে ৫ গোলের হার বাংলাদেশের
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুরুষ হকি দল। ‘পুল এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়া'র কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে পিটার গেরহার্ডের দল।
কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে বেশ ভালোভাবেই লড়াই করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে পরিস্থিতি বদলে যায়। ২১ থেকে ৩০ মিনিটের মধ্যে তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়া। সং মিন, সিয়ং ও লির গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একবার গোল হজম করে বাংলাদেশ। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন দক্ষিণ কোরিয়া'র ব্যবধান ৪-০ করেন। ম্যাচের শেষ মুহূর্তে ৫৮ মিনিটে ফিল্ড গোল করে শিম জ্যা-ওন। তাতেই ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
ম্যাচজুড়ে বাংলাদেশের আক্রমণে তেমন ধার ছিলো না। ২-৩টি গোলের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিলো বাংলাদেশ। ম্যাচে মাত্র ৩৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তারা। দু'টি কর্নার পেয়েও সেখান থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশের পরবর্তী ম্যাচ জাপানের বিপক্ষে। আগামী ২২ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল। ‘পুল এ’-তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘পুল বি’-তে রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, চীন, ওমান, উজবেকিস্তান ও থাইল্যান্ড।
১২ দলের এই প্রতিযোগিতায় ২ পুলের ৪টি করে দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। এরপর কোয়ার্টার ফাইনালের বিজয়ী ৪ দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকেই নির্ধারিত হবে পদকের লড়াইয়ের দলগুলো।
এবারের এশিয়ান গেমসের হকিতে পদকের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার টিকিট পাবে। অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়ন দলই নিশ্চিত করবে ২০২৮ অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ।
//আইই//
