লাল-সবুজের জার্সিতে অভিষেকের প্রহর গুনছেন ফারহান
ফিফা আসিয়ান কাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবার ডাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত ইংলিশ ক্লাবের সাবেক একাডেমি তারকা ফারহান।
ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদের ফুটবলে হাতেখড়ি ফুলহামের একাডেমিতে। ক্লাবটির মূল দলেও নাম লিখিয়েছিলেন তিনি। তবে বর্তমানে ধারে ইংলিশ পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে খেলছেন এই ফুটবলার। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ফারহান বলেন, "এটা দারুণ ছিলো। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।"
ইতোমধ্যে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের অফুরন্ত ভালোবাসা দেখতে পেয়েছেন এই তরুণ। দেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আবেগাপ্লুত ফারহান জানান, "এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।"
জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাওয়ার পরপরই ইতিবাচক পারফরম্যান্স তুলে ধরার ইচ্ছা ব্যক্ত করেছেন ফারহান। ইন্দোনেশিয়ায় সফররত বাংলাদেশ দল বিজয়ী হয়ে মাঠ ছাড়বে,এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, "ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো।"
//আইই//
