‘আপনাদের খুব মনে পড়বে’, বিদায়ের রাতে মেসি
দেশের জার্সিতে শেষ ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার বুয়েনস আইরেসের এস্তাদিয়ো মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন ৩৯ বছর বয়সি এই তারকা। ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
বিদায়ী মঞ্চে মেসির পা থেকে গোল দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকেরা। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে জালের ওপরের দিকে বল জড়িয়ে ভক্তদের নিরাশ করেননি তিনি। এছাড়া ৪৮ মিনিটে তাঁর কর্নার থেকে হেড করে গোল করেন নিকোলাস ওতামেন্দি। পরে তাঁরই পাস থেকে ব্যবধান বাড়ান নিকো পাজ। ম্যাচ শেষের বাঁশি বাজতেই ড্রোন-শোয়ে আলোকিত হয়ে ওঠে গ্যালারি, যেখানে ফুটে ওঠে তাঁর ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত।
ম্যাচ শুরুর আগে থেকেই এস্তাদিয়ো মনুমেন্তালের পথে নামে ভক্তদের ঢল। ৩ ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা মেসির চোখে জল দেখা যায়। ম্যাচের ১০ মিনিটে ১০ নম্বর জার্সিধারীকে সম্মান জানাতে কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে দেওয়া হয়। স্টেডিয়ামের ৮৫ হাজারেরও বেশি টিকিট মাত্র ৯০ মিনিটে শেষ হয়ে যায়।
বিদায়লগ্নে আবেগাপ্লুত মেসি বলেন, "আমি চিরকাল এখানে ফিরে আসতে চাই। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলাটা যেকোনো ফুটবলারের জীবনেই সবচেয়ে সুন্দর অনুভূতি। এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।"
তিনি আরও বলেন, "অনিবার্যভাবেই আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষণ্ণ দিন। জাতীয় দলকে বিদায় জানাতে হচ্ছে। সবাইকে বিদায়। আপনাদের খুব মনে পড়বে। মনে পড়বে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার মুহূর্তগুলো। তবে এখন থেকে আমি আপনাদের পাশেই থাকব। এই দলের ছেলেদের এবং আগামী দিনে যারা আসবে, তাঁদের সমর্থন জোগাব। আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে থাকব।"
//আইই//
