ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করতে পারেন
একসঙ্গে একাধিক স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, স্পিকারসহ বিভিন্ন ডিভাইস ওয়াই-ফাইয়ে যুক্ত থাকলে অনেক সময় ইন্টারনেটের গতি কমে যায়। এজন্য সবসময় নতুন সংযোগ নেওয়া বা ইন্টারনেট সেবাদাতার কাছে ছুটতে হবে না। রাউটারের অবস্থান ও ব্যবহারে কয়েকটি পরিবর্তন আনলেই অনেক ক্ষেত্রে ওয়াই-ফাইয়ের গতি ও কাভারেজ বাড়ানো সম্ভব।
রাউটার রাখুন সঠিক জায়গায়
ওয়াই-ফাইয়ের গতি ও কাভারেজ অনেকটাই নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে, তার ওপর। বাসার এমন জায়গায় রাউটার রাখা ভালো, যেখান থেকে সিগন্যাল সহজে সব কক্ষে পৌঁছাতে পারে। সম্ভব হলে ঘরের মাঝামাঝি ও খোলামেলা স্থানে রাউটার রাখুন।
পুরু দেয়াল, বড় আসবাবপত্র বা কোনো আবদ্ধ জায়গার আড়ালে রাউটার রাখলে সিগন্যাল বাধাগ্রস্ত হতে পারে। তাই এসব জায়গা এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে মাইক্রোওয়েভসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকেও রাউটার কিছুটা দূরে রাখা ভালো।
নিয়মিত রিবুট করুন রাউটার
দীর্ঘ সময় একটানা চালু থাকলে রাউটারে সাময়িক সমস্যা তৈরি হয়ে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। এমন হলে রাউটার বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চালু করা যেতে পারে।
সপ্তাহে দুই থেকে তিনবার রাউটার রিবুট করলে অনেক ক্ষেত্রে সংযোগের সাময়িক সমস্যা কমে আসে। তবে রিবুট করার পরও যদি নিয়মিত ইন্টারনেট ধীর থাকে, তাহলে শুধু রাউটার বন্ধ-চালু না করে সমস্যার অন্য কারণ খুঁজে দেখা প্রয়োজন।
/শান্ত/
