৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন করবেন যেভাবে
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের অষ্টম ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
তিন মাসের প্রশিক্ষণ চলবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। মোট ৬০০ ঘণ্টার এ প্রশিক্ষণে কোনো ফি লাগবে না। প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা এবং সকালের নাশতা, দুপুর ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে সনদ ও পরবর্তী সময়ে মেন্টরিং সাপোর্ট দেওয়া হবে।
এইচএসসি বা সমমান পাস এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক-যুব নারীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার বা আইসিটিতে মৌলিক ধারণা এবং ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণার্থী বাছাই হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ হবে ২৩ সেপ্টেম্বর।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য এসএমএসে জানানো হবে।
আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
/শান্ত/
