পূজায় আসছে ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘কাজের মেয়ে কারিশমা’
ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তার বিপরীতে রয়েছেন আবিদ বিন পারভেজ প্রান্ত। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ ও সাবরিনা জারিন মিতুসহ অনেকে। নাটকটি নিয়ে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, রোমান্টিক-কমেডি ঘরানায় এটি তার প্রথম লেখা ও পরিচালনার কাজ। এর আগে তার কাজগুলোতে জীবনবোধ, সাহিত্য ও কবিতার প্রাধান্য ছিলো। এবারের কাজটি ভিন্ন ধরনের। শুটিংয়ে পুরো দল আনন্দ নিয়ে কাজ করেছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দর্শকেরা নাটকটি উপভোগ করবেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র কারিশমা প্রসঙ্গে শায়লা সাথি বলেন, একটি বিশেষ উদ্দেশ্যে আধুনিক এক তরুণী কাজের মেয়ের ছদ্মবেশে একটি বাড়িতে আসে। এরপর গল্প এগিয়ে যায় হাস্যরসের মধ্য দিয়ে। অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত জানান, অনেক দিন পর তিনি ভিন্নধর্মী একটি চিত্রনাট্যে কাজ করেছেন। নির্মাতার সহযোগিতায় কাজের অভিজ্ঞতাও ছিল আনন্দের। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, সামাজিক প্রেক্ষাপটে তৈরি হাস্যরসাত্মক গল্পটি পূজার ছুটিতে দর্শকদের বিনোদনের নতুন উপলক্ষ হয়ে উঠবে। /শান্ত/