চলে গেলেন শিশুসাহিত্যের পুরোধা আখতার হুসেন
চলে গেলেন দেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৮১ বছর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তার দুই ছেলে পান্থ ও প্রমিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন আখতার হুসেন। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ ও শারীরিক নানা জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্ম আখতার হুসেনের। প্রায় ছয় দশক ধরে শিশু-কিশোরদের জন্য ছড়া, গল্প, গান, জীবনী ও অনুবাদ লিখেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’ ও ‘পাজি বেড়ালের শাস্তি’ তার উল্লেখযোগ্য বই।
মহান মুক্তিযুদ্ধের সময়ও তার লেখনী ছিলো সক্রিয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ গানটি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণামূলক গানের তালিকায় জায়গা করে নেয়।
শিশুসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ছিলেন বাংলা একাডেমির ফেলো। তার সহজ-সরল ভাষার ছড়া বহু প্রজন্মের শিশুর পাঠ্য ও শৈশবের অংশ হয়ে আছে।
মৃত্যুকালে দুই ছেলে, স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আখতার হুসেন। তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
/শান্ত/
