চকবাজারে ৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর চকবাজারের শোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা এই অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় গোডাউনের মালিককে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তা নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
/শান্ত/
