নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
সুনামগঞ্জের ছাতকে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করতে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখা। অনুষ্ঠানকে কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ৩ ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মহন্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কিছু ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
//ইমরান//
