কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান
আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় মুক্তি
কুমিল্লায় একযোগে ১৮ থানায় চালানো কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের বেশির ভাগই শিক্ষার্থী। অপর ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।
নগরসহ জেলার ১৮টি থানার আওতাধীন যেসব এলাকায় বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
- লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার
বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
//ইমরান//
