পাকিস্তান সফর প্রসঙ্গে যা বললেন তারেক রহমান
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
পাকিস্তানের সরকারি বিবৃতিতে বলা হয়, দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সফরের দিনক্ষণ ঠিক করা হবে এবং সময়ের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
শাহবাজ শরিফ বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান এবং জাতিসংঘের লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের প্রচেষ্টায় পাকিস্তানের সমর্থনের কথা জানান।
/শান্ত/
