নাশকতার সময় মুখ ঢাকতে ৯ হাজার মুখোশ, ককটেল সরঞ্জাম জব্দ
ঝটিকা মিছিল ও নাশকতার সময় পরিচয় গোপন রাখতে রাজধানীতে মজুত করা হয়েছিল ৯ হাজার মুখোশ। দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে এসব মুখোশের পাশাপাশি ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির ব্রিফিংয়ে ক্রাইম প্রিভেনশনের (সাউথ) যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জে ইমনের বাসায় অভিযান চালানো হয়। পরে একটি আলমারির পেছন থেকে তিনটি বড় কার্টনে থাকা ৯ হাজার পিস মুখোশ উদ্ধার করা হয়। একই স্থান থেকে ককটেল তৈরির বিভিন্ন উপকরণও পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন পুলিশকে জানিয়েছেন, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় সংশ্লিষ্টদের চেহারা যাতে শনাক্ত করা না যায়, সে উদ্দেশ্যেই এসব মুখোশ সংগ্রহ করা হয়েছিলো।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ দলের এক বড় নেতার নির্দেশে এসব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিলো। পরে অজ্ঞাত এক ব্যক্তি ভ্যানে করে সেগুলো ইমনের বাসায় পৌঁছে দেন।
এদিকে যাত্রাবাড়ী, শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনায় ইমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে ডিএমপি। নাশকতার পেছনে থাকা মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
//রুশা//
