অপ্রতিম হ/ত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
সংগৃহীত ছবি
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার গুরুত্ব বিবেচনায় এনে তদন্তের দায়িত্ব অন্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে পরিদর্শক রাজিব আহমেদ জানান, "পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্তের কাজ শুরু করবো। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের চেষ্টা করবো।"
এর আগে মামলাটি তদন্ত করছিলেন থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, "মামলাটির তদন্তের দায়িত্ব এখন পরিদর্শক রাজিব আহমেদকে দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে মামলার প্রয়োজনীয় নথিপত্র তাঁর কাছে হস্তান্তর করা হবে।"
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, "এখন থেকে মামলাটির তদন্ত করবেন থানার পরিদর্শক। অপ্রতিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনের স্বীকারোক্তি পাওয়া গেছে। তবে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।"
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ ও মুঠোফোনের সূত্র ধরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
//আইই//
