মামলা চললে পদোন্নতি নয়, দণ্ডের পরও দুই বছর অপেক্ষা
সরকারি চাকরিতে
সরকারি নন-ক্যাডার চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে কঠোর বিধান আসছে। প্রস্তাবিত নতুন জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালায় বিভাগীয় মামলা, দুদকের মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি না দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সরকার নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা প্রণয়ন করছে। এরই মধ্যে খসড়া তৈরি করে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।
খসড়ায় বলা হয়েছে, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা দাখিল হলে, দুদকের মামলায় অভিযোগপত্র দাখিল হলে কিংবা ফৌজদারি মামলা দায়েরের সরকারি অনুমোদন দেওয়া ও সংশ্লিষ্ট কর্মচারী গ্রেফতার হলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদোন্নতি পাবেন না।
দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রেও থাকছে বিধিনিষেধ। লঘুদণ্ড হলে এক বছর এবং গুরুদণ্ড হলে দুই বছর পর্যন্ত পদোন্নতি দেওয়া হবে না। পাশাপাশি দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও পরবর্তী দুই বছর পদোন্নতি থেকে বিরত রাখার প্রস্তাব রয়েছে।
তবে মামলা থেকে অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে পদোন্নতি দেওয়া যাবে এবং ধারণাগত জ্যেষ্ঠতাও পাওয়া যাবে। অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও পদোন্নতি পাবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. মোস্তফা জামান জানান, খসড়াটি তৈরি করে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।
সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, নতুন বিধিমালা যথাযথভাবে প্রণয়ন করা না হলে জটিলতা তৈরি হয়ে সরকার মামলা-মোকদ্দমায় জড়াতে পারে।
//রুশা//
