পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান ও অগ্রগতি দেখতে রাজধানীর ৬ টি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই এসব ছাপাখানায় যান তিনি। পরিদর্শনকালে পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি দেখার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
এই সময় বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং ছাপার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তিনি। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত ছাপার কাজ শেষ করার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।
/শান্ত/
