খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তির নতুন খসড়া নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। খসড়া নীতিমালা অনুযায়ী, সরকারি স্কুলগুলোতে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোটার পরিধির একটি ক্যাটাগরি বাড়িয়ে ১৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ অক্টোবরের মধ্যে এই নতুন কোটা নীতি চূড়ান্ত অনুমোদন লাভ করতে পারে।
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, খসড়া নীতিমালা অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় চাইলে নীতিমালায় একাধিক পরিবর্তন আনতে পারে।
খসড়া নীতিমালার তথ্য বলছে, সরকারি স্কুলে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন কোটা থাকবে। মুক্তিযোদ্ধা আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে সাধারণ কোটা থেকে ওই আসনে ভর্তি করতে হবে।
// ইমরান//
