মেয়েদের বিয়ের বয়স ১৬, ছেলেদের ১৮ করার দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারিত রয়েছে। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ এবং মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
বক্তারা আরও দাবি করেন, বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে এবং বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে।
// ইমরান//
