১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০, মাধ্যমিকের ২০, কলেজের ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ১০, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষকও সম্মাননা পেয়েছেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিলো, এ বছর ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার পরিকল্পনা ছিলো। পরে প্রধানমন্ত্রীর মনোনীত আরও ৭ জনসহ মোট ১০২ জনকে সম্মাননা দেওয়া হয়।
/শান্ত/
