ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির বিকাশে তরুণ উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। স্বল্প সুদে ঋণের মাধ্যমে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা এলাকায় শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির উদাহরণও তুলে ধরেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে তারা সরকারের সঙ্গে কাজ করছেন। তারা আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডেও ব্যবসায়ীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
/শান্ত/
