মহাখালীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফিটনেসবিহীন বাস ডাম্পিং করায় পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে মহাখালীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বিকেলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পুলিশ বাস ডাম্পিং করে। প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। ফলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। এই অবস্থায় নগরবাসীকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।
//ইমরান//
