জেল থেকে পালানো ১২৪ মামলার আসামি গ্রেপ্তার
অর্থ আত্মসাৎ ও প্রতারণার ১২৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং কারাগার থেকে পলাতক আসামি মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। বিভিন্ন মামলায় তিনি ১২টি সাজাও পেয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নে ২০০৬ সালে ‘বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড’ নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন আনিছুর। পরে কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় কয়েকশ শাখা খোলেন তিনি। দ্বিগুণ টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়াদি ডিপিএসের নামে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেন।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, প্রলোভন দেখিয়ে আনিছুর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর তাকে আবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/শান্ত/
