ডিপিএল-এ বিদেশি ক্রিকেটার ফেরাতে চায় বিসিবি
আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার না হওয়ায় ডিপিএল এগিয়ে আনার সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ওয়ানডে প্রতিযোগিতায় বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। দীর্ঘদিন পর ডিপিএলে বিদেশি ক্রিকেটার ফেরানোর পরিকল্পনা করছে সিসিডিএম। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, প্রতিটি দল একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।
একসময় ডিপিএলের একাদশে চারজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেতেন। পরে সেই সংখ্যা কমিয়ে দুই এবং এরপর একজন করা হয়। ২০২৪ সালে বিদেশি ক্রিকেটারের কোটা পুরোপুরি বাতিল করা হয়। তিন মৌসুম পর আবারও বিদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
/শান্ত/
