কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্র, দেশে বাড়ছে লোডশেডিং
কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমেছে। ফলে দেশে লোডশেডিং আরও বেড়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র জানায়, কয়লা সরবরাহে সংকটের কারণে ৭ আগস্ট থেকে কেন্দ্রটির উৎপাদন কম ছিল। গত মাসের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়লে দিনের বেলায় প্রায় ৯০০ এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিলো কেন্দ্রটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়ালেও রাত ১২টার দিকে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।
কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বয়লারে সমস্যা হওয়ায় ইউনিটটি বন্ধ হয়েছে। এটি ঠান্ডা হতে প্রায় ৪৮ ঘণ্টা লাগতে পারে। এরপর ত্রুটি মেরামতের কাজ শুরু হবে। ফলে উৎপাদন স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।
পিডিবি সূত্র বলছে, গ্যাস সংকটের কারণে দুই মাসের বেশি সময় ধরে বিদ্যুৎ উৎপাদন কমেছে। পাশাপাশি পায়রা, রামপালসহ কয়েকটি কয়লাভিত্তিক কেন্দ্রেও জ্বালানি বা কারিগরি সমস্যায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
/শান্ত/
