চাকরি গেলেই ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, কর্মী ভিসায় নতুন নিয়ম
কর্মী ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য দক্ষ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফলে চাকরি হারানোর পর এইচ-১বি ভিসাধারীদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাবিত পরিবর্তনটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে।
২০২৫ সালে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৈধ অভিবাসন সীমিত করতে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে, এটি তার সর্বশেষ উদ্যোগ। এর আগে দক্ষ কর্মীদের জন্য ভিসার ফি বাড়ানো হয়েছিলো।
১৯৯০ সালে মার্কিন কংগ্রেস এইচ-১বি ভিসা চালু করে। ভারত ও চীন থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এই ভিসা গুরুত্বপূর্ণ। যেসব পদে যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি রয়েছে, সেসব পদে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দেয় এই ভিসা।
