ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে আসছে বৈদ্যুতিক ট্রেন
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরকে যুক্ত করে ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর থেকে ঢাকা হয়ে জয়দেবপুর পর্যন্ত রুটে এ ট্রেন চলবে।
যানজট ও পরিবহনের চাপ কমানো এবং যাত্রীদের দ্রুত ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে প্রকল্পটি নেওয়া হচ্ছে। পুরোনো ডিজেলচালিত ইঞ্জিনের কারণে বর্তমানে ট্রেনের গতি ও ট্রিপ সংখ্যা বাড়ানো কঠিন হওয়ায় বিদ্যুৎচালিত ব্যবস্থায় যাওয়ার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৮৮০ কোটি টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে ঋণ এবং বাকি অর্থ সরকারের নিজস্ব অর্থায়নে দেওয়ার কথা রয়েছে।
প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ওভারহেড বৈদ্যুতিক তার, ট্রাকশন সাবস্টেশন, আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ), বৈদ্যুতিক ইঞ্জিন ও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করা হবে।
/শান্ত/
