এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া রোগীদের মাসে ৮২০ টাকা দেবে সরকার
যক্ষ্মা, এইডস ও ম্যালেরিয়া রোগীদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিসহায়তা দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ১ টি প্রকল্পের আওতায় এসব রোগে চিকিৎসাধীন ব্যক্তিদের মাসে ৮২০ টাকা করে দেওয়া হবে। যক্ষ্মার রোগীরা ৬ মাস এবং এইচআইভি ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীরা ১ বছর এই সহায়তা পাবেন।
এই ৩ রোগে আক্রান্ত ব্যক্তিদের পুষ্টি সহায়তায় মোট ব্যয় ধরা হয়েছে ৪১৭ কোটি টাকা। বাংলাদেশে যক্ষ্মা (টিবি), এইচআইভি–এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ৪ হাজার ৩৯ কোটি টাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।
প্রকল্প বাস্তবায়নে মোট ৪ হাজার ৩৯ কোটি টাকার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ১৬৯ কোটি টাকা এবং উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল ফান্ড দেবে ৮৭০ কোটি টাকা। প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ যক্ষ্মারোগীকে শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা, এইচআইভি পরীক্ষার পরিধি বাড়ানো ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।
// ইমরান//
