পরিবারে টাইপ ১ ডায়াবেটিস থাকলে ভাইবোনদের ঝুঁকি ১০ গুণ বেশি: গবেষণা
পরিবারে কারো টাইপ ১ ডায়াবেটিস থাকলে অন্য ভাইবোনদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ শিশুদের তুলনায় ১০ গুণের বেশি। দক্ষিণ কোরিয়ায় পরিচালিত এক সরকারি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ)-র অর্থায়নে পরিচালিত গবেষণায় ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ১৮ বছর বা তার কম বয়সি ৯৩৬ শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। দক্ষিণ কোরিয়ায় শিশু-কিশোরদের ডায়াবেটিসের বংশগত প্রবণতা নিয়ে এটিই প্রথম বড় ধরনের গবেষণা।
গবেষণায় দেখা গেছে, আক্রান্ত শিশুদের ভাইবোনদের মধ্যে টাইপ ১ ডায়াবেটিসের হার ৩ শতাংশ। বিপরীতে সাধারণ কোরিয়ান শিশুদের মধ্যে এই হার শূন্য দশমিক ২৬ শতাংশ। যমজদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। গবেষণায় থাকা ৭ জোড়া যমজের মধ্যে ৩ জোড়ার দুজনেরই টাইপ ১ ডায়াবেটিস রয়েছে।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি বুন্দাং হসপিটালের অধ্যাপক কিম জ্য-হিউন বলেন, এই গবেষণার ফলাফল থেকে ঝুঁকিপূর্ণ শিশুদের আগে থেকেই চিহ্নিত করে স্ক্রিনিং বা পরীক্ষা করার পথ সহজ হবে।
গবেষকরা বলছেন, পরিবারে টাইপ ১ ডায়াবেটিসের ইতিহাস থাকলে শিশুদের ছোটখাটো লক্ষণ বা শারীরিক পরিবর্তনের দিকেও বাড়তি নজর রাখা জরুরি।
//রুশা//
