র্যাব বিলুপ্ত, এসআরবি’র যাত্রা শুরু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) নতুন নামে কার্যক্রম শুরু করে বাহিনীটি।
গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। একই সঙ্গে বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
এসব প্রয়োজন বিবেচনায় বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের জন্য আইন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।
গত ১০ সেপ্টেম্বর বিরোধীদলের আপত্তির মধ্যে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাশ হয়। মঙ্গলবার গেজেট প্রকাশের মাধ্যমে তা আইনে পরিণত হয়।
// ইমরান//
