সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ ইসলাম (২৫) নরসিংদীর রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সৌরভের পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছায় মঙ্গলবার বিকেলে। সৌদি আরবে তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি ফোন করে স্বজনদের বিষয়টি জানান।
নিহত সৌরভ ইসলাম ছিলেন আমিরুল ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। প্রায় ৫ বছর ধরে তিনি জেদ্দায় কাজ করছিলেন। সেখানে আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে যান তিনি।
স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ বাসার ছাদে উঠেছিলেন। এ সময় ইয়েমেন থেকে জেদ্দার দিকে একটি ক্ষেপণাস্ত্র আসার খবর এবং মোবাইলে সতর্কতামূলক অ্যালার্ম শুনতে পান তিনি। এতে আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামতে সিঁড়ির দিকে ছুটে যান।
নামার সময় তাঁর পায়ে তার বা রশি পেঁচিয়ে গেলে তিনি সিঁড়িতে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সকালে তাঁর সঙ্গে থাকা অন্যরা ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাঁর মরদেহ সৌদি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় দেশটির আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
