ইয়েমেনে সংঘাত তীব্র, বাস্তুচ্যুত এক লাখের বেশি
সংগৃহীত ছবি
ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ছে। এতে নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাড়িঘর ছেড়ে দেশের অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
শুধু অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিই নয়, নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তাদের অনেকেই বাব আল-মানদাব প্রণালি অতিক্রম করে জিবুতিতে পৌঁছানোর চেষ্টা করছেন।
ইউএনএইচসিআর সতর্ক করেছে, সহিংসতা অব্যাহত থাকলে ইয়েমেনে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় সীমিত সম্পদের ওপর নির্ভরশীল স্থানীয় ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর ওপরও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
সংস্থাটির হিসাবে, ইয়েমেনের ভেতরে বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি সহায়তার জন্য নতুন করে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার প্রয়োজন। একই সঙ্গে জিবুতিতে পৌঁছানো মানুষদের জন্যও অতিরিক্ত মানবিক সহায়তার প্রয়োজন হবে।
বিবৃতিতে বলা হয়েছে, অনেক পরিবারকে খুব অল্প সময়ের নোটিশে ঘর ছাড়তে হয়েছে। ফলে তারা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নেওয়ার সুযোগও পায়নি। এসব মানুষের এখন জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা প্রয়োজন।
ইতোমধ্যে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি যেসব সম্প্রদায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিচ্ছে, তাদের সক্ষমতার ওপরও বাড়তি চাপ পড়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
চলমান সংঘাতে ইয়েমেনে নিবন্ধিত ৬৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীও ঝুঁকির মধ্যে রয়েছেন। ইউএনএইচসিআর জানিয়েছে, তাদের বেশিরভাগই সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আসা মানুষ।
হুথিদের দ্রুত অগ্রযাত্রার পর পশ্চিম ইয়েমেনে নতুন করে এই বাস্তুচ্যুতি শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানসমর্থিত হুথিরা লোহিত সাগরের ইয়েমেনি উপকূলের পুরো অংশের নিয়ন্ত্রণ নিয়ে বাব আল-মানদাব প্রণালিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে বলে দাবি করা হয়েছে।
বাব আল-মানদাব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরানবিরোধী মার্কিন যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বিকল্প নৌপথ হিসেবেও বাব আল-মানদাবের গুরুত্ব আরও বেড়েছে।
//আইই//
