ইউপি ভোটের তারিখে পরিবর্তন আনছে ইসি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সঙ্গে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ মিলে যাওয়ায় ভোটের সূচি পুনর্বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘটনায় কমিশন বিব্রত বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইসির প্রাথমিক পরিকল্পনায় সাত ধাপে ইউপি ভোটের সম্ভাব্য তারিখ রাখা হয়েছিলো ১২ নভেম্বর, ১৩ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর, ১৭ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২২ এপ্রিল ও ২৭ মে। এর মধ্যে ১৩ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষার গণিত পরীক্ষা এবং ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী।
ইসি সূত্রের দাবি, ভোটের তারিখ নির্ধারণের সময় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যথাযথভাবে উপস্থাপন না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বৃত্তি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং শিক্ষকদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় আসেনি।
ইসি জানিয়েছে, বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বরের) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংস্থার মতামত নেওয়া হবে। এরপর কমিশন সভায় আলোচনা করে সম্ভাব্য তারিখগুলোতে পরিবর্তন আনা হতে পারে।
/শান্ত/
