বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ আরও ২ কর্মকর্তা
বিপিএল-এর সর্বশেষ আসরের দুর্নীতি তদন্তে চট্টগ্রাম রয়্যালসের মালিক আব্দুল কাইয়ুম ও দুর্বার রাজশাহীর ম্যানেজার আমিন খানকে নিষিদ্ধ করেছে বিসিবি। সাময়িকভাবে তাঁদের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি জানিয়েছে বোর্ড। অভিযোগের জবাব দিতে দু'জনকেই ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
বিসিবি'র অভিযোগ অনুযায়ী, কাইয়ুমের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ৪টি ধারা লঙ্ঘনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ম্যাচের ফলাফল বা ম্যাচের কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা, ফিক্সিং কিংবা এর পরিকল্পনা বা চুক্তিতে যুক্ত থাকা এবং দুর্নীতির কোনো প্রস্তাব পাওয়ার পর তা দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে না জানানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তের সময় প্রয়োজনীয় সহযোগিতা না করা এবং মুঠোফোন জমা দেওয়ার নির্দেশ অমান্য করার অভিযোগও রয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দিতে অস্বীকৃতি জানিয়ে তদন্তে বাধা দেওয়ার বিষয়টিও অভিযোগের মধ্যে রাখা হয়েছে।
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে বিপিএল-এর সর্বশেষ আসরে কাইয়ুমের ভূমিকা নিয়েও জটিলতা তৈরি হয়েছিলো। শুরুতে ট্রায়াঙ্গল সার্ভিসেস ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছিলো। কিন্তু ক্রিকেটারদের অর্থ পরিশোধ করতে না পারায় টুর্নামেন্ট শুরুর আগের দিন বিসিবি-কে মালিকানা ছেড়ে দেওয়ার চিঠি দেন কাইয়ুম। এরপর দলটির পরিচালনার দায়িত্ব নেয় বিসিবি।
অন্যদিকে আমিন খানের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে বিপিএল-এর দু'টি আসরে তাঁর দায়িত্বের বিষয়টি উল্লেখ করেছে বিসিবি। ১১তম আসরে দুর্বার রাজশাহী এবং ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও টিম অফিশিয়াল ছিলেন তিনি। ম্যাচের ফলাফল বা কোনো অংশ প্রভাবিত করা এবং ফিক্সিং বা এর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অন্য খেলোয়াড় বা কর্মকর্তাকে দুর্নীতিতে উৎসাহ, প্ররোচনা বা সহায়তার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্তে সহযোগিতা না করা এবং প্রয়োজনীয় তথ্য বা মেসেজ গোপন কিংবা ধ্বংস করে তদন্তে বাধা বা বিলম্ব ঘটানোর অভিযোগও আমিন খানের বিরুদ্ধে আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাকেও ১৪ দিনের মধ্যে বিসিবি'র কাছে জবাব দিতে হবে।
বিপিএল ঘিরে দুর্নীতির অভিযোগে চলতি মাসের শুরুতেও তিনজনকে সাময়িক নিষিদ্ধ করেছিলো বিসিবি। তাঁদের মধ্যে ছিলেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমান, সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান এবং অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
//আইই//
