সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের
সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য মনে করে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই জাতীয় সনদ এবং গণভোটে প্রকাশিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোই বর্তমান সাংবিধানিক মতপার্থক্য নিরসনের গণতান্ত্রিক পথ। গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বর্তমান উদ্যোগ ১১ দলীয় ঐক্য প্রত্যাখ্যান করেছে।
গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) দু’টি শপথ নেওয়ার কথা- একটি এমপি হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। নির্বাচনের পর বিরোধী দলের এমপিরা দু’টি শপথ নিলেও বিএনপির এমপিরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এখানেই বর্তমান সাংবিধানিক সংকটের মূল প্রশ্ন।
গত ২৯ এপ্রিল সরকার সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। এতে ক্ষমতাসীন জোটের ১২ জন এবং বিরোধী দলের জন্য ৫ আসন রাখার কথা ছিলো। জামায়াত নেতৃত্বাধীন বিরোধী পক্ষ সদস্যদের নাম না দেওয়ায় সরকার ১৩ জুলাই ১২ সদস্যের কমিটি গঠন করে। ৪ আগস্ট প্রথম বৈঠক করে তারা।
// ইমরান//
