ছাত্রলীগ নেতা নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে অবৈধ অর্থ জমা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে নাজমুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের মধ্যে তিনি দেশত্যাগের চেষ্টা করছেন এমন তথ্য পাওয়ায় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে আবেদনটি করেন।
সিদ্দিকী নাজমুল আলম ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/শান্ত/
