বৈশ্বিক হালাল পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ
বৈশ্বিক হালাল বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেসে (মিহাস) খাদ্যপণ্য, ওষুধ, তৈরি পোশাক, পাট, চা, চামড়াসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে দেশের ৬ টি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মাইটেক) বুধবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এবারের মিহাসে খাদ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, অর্থায়ন, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের ২ হাজার ৩৮০টি বুথ রয়েছে। আয়োজকেরা ৪৫টি দেশ থেকে ৪৫ হাজার দর্শনার্থী ও ৩০০ ক্রেতার অংশগ্রহণ আশা করছেন। ৫৫টি দেশের পাঁচ শতাধিক ক্রেতা এর সোর্সিং কর্মসূচিতে আগ্রহ প্রকাশ করেছেন।
২০০৪ সালে যাত্রা শুরু করা মিহাস এবার শেপিং ট্রাস্ট, ড্রাইভিং রেজিলিয়েন্স প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে। ক্রেতাদের চাহিদার সঙ্গে পণ্যের মিল খুঁজে দিতে এবারের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি ব্যবস্থাও চালু করা হয়েছে।
গত বছর ৩০০ ক্রেতা ও মালয়েশিয়ার ৬০০ রপ্তানিকারকের মধ্যে ৪ হাজারের বেশি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে চীন ও বাংলাদেশ থেকে ৩৯টি করে প্রতিষ্ঠান অংশ নেয়।
//ইমরান//
