বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৩ দশমিক ১৯ ডলারে উঠেছে। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ। একই দিনে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৯ ডলারে স্থির হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা সোনার দামে চাপ তৈরি করছে। সুদবিহীন সম্পদ হওয়ায় সুদের হার বাড়লে সোনায় বিনিয়োগের সুযোগ-ব্যয় বেড়ে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। এতে শুক্রবার সোনার বাজারে স্থিতিশীলতা এসেছে বলে জানান ট্রেডইউ ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস।
সিএমইর ফেডওয়াচের তথ্য অনুযায়ী, আগামী অক্টোবরে ফেডের সুদের হার আরও ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে বাড়ানোর সম্ভাবনা ৯৫ শতাংশ বলে মনে করছেন ট্রেডাররা।
এদিকে উৎসবের মৌসুম সামনে রেখে দাম কিছুটা কমায় ভারতে সোনার চাহিদা সামান্য বেড়েছে। শুক্রবার স্পট সিলভারের দাম ১.৪ শতাংশ এবং প্ল্যাটিনামের দাম ১.৭ শতাংশ বাড়লেও প্যালাডিয়ামের দাম কমেছে ০.৪ শতাংশ।
/শান্ত/
