বাংলাদেশে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ব্যবসা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে একটি কৌশলগত অংশীদার’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের বাজার সম্ভাবনা নিয়ে এমন কথা বলেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো।
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান বাজার হিসেবে উল্লেখ করে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বলেন, দেশটি টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিলো প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।
সেমিনারে বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন মাদ্রিদ চেম্বারের সভাপতি অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। তিনি বলেন, ২০১৮ থেকে ২০৩০ সাল মেয়াদে বাংলাদেশে পরিবেশবান্ধব ভবন নির্মাণসহ যাতায়াত, কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন বা ১৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি বহুমুখীকরণকে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন তিনি।
মাদ্রিদ চেম্বার আয়োজিত এই সেমিনারে ইইউ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনা মূল্যে জমি দেওয়ার মতো বড় সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগ করে লাভের সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি বলে উল্লেখ করেন এফবিসিসিআইয়ের প্রশাসক। তিনি মাদ্রিদ চেম্বার অব কমার্সের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর প্রেক্ষিতে মাদ্রিদ চেম্বারের সভাপতি অ্যাঞ্জেলো আসেন্সিয়ো জানান, আগামী নভেম্বর নাগাদ তাদের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।
// ইমরান//
